খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র-গুলিসহ ৩ ইউপিডিএফ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী

পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ যৌথ অভিযানে সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এর ৩ জন সক্রিয় সদস্যকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ হাতেনাতে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি এলাকার রেখুং পাড়ায় এই সফল কাউন্টার-টেররিজম অপারেশন পরিচালিত হয়, যেখানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে হ্লাপ্রুসাই মারমা, তেজেন্দ্র চাকমা এবং বিশ্ব ত্রিপুরা নামে তিন সন্ত্রাসীকে আটক করা হয়।

আটককৃতদের হেফাজত থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক (SBBL), ৩ রাউন্ড তাজা গুলি, ১টি ধারালো চাকু, ৩টি ট্যাকটিক্যাল ব্যাগ, ১ জোড়া বুট জুতা এবং নগদ ১১,০০০ টাকা জব্দ করা হয়েছে।

আটককৃত ইউপিডিএফ সদস্যরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।