মংডুতে জান্তা বাহিনীর বিমান হামলায় চারজন নিহত

মংডুতে জান্তা বাহিনীর বিমান হামলায় চারজন নিহত। ছবি : সংগৃহীত

মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু টাউনশিপে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে মংডুর সাবেক ‘ক্যাইন চ্যাউং’ সামরিক ঘাঁটিতে জান্তা বাহিনী এই বিমান হামলা চালায় বলে দাবি করেছে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

আরাকান আর্মির এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে জান্তা বাহিনীর দুটি যুদ্ধবিমান থেকে ওই ঘাঁটিতে বোমা বর্ষণ শুরু হয়। বেলা ৩টা ১৩ মিনিটের মধ্যে বিমান দুটি থেকে ৬টি ৫০০ পাউন্ড ওজনের বোমা ফেলা হয়। এরপর বেলা ৩টা ১৭ মিনিট থেকে ৩টা ৩২ মিনিটের মধ্যে একটি ‘ওয়াই-১২’ (Y-12) পরিবহন বিমান থেকে আরও পাঁচ দফায় ২৭টি বোমা ফেলা হয়। সব মিলিয়ে এই অভিযানে মোট ৩৩টি বোমা বর্ষণ করেছে মিয়ানমার সেনাবাহিনী।

আরাকান আর্মি বিবৃতিতে জানায়, হামলায় নিহতদের মধ্যে যুদ্ধবন্দিদের চিকিৎসার দায়িত্বে নিয়োজিত মিয়ানমার সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন এবং আরও তিন সামরিক কর্মকর্তা রয়েছেন। বিমান হামলায় ঘাঁটির ভেতরে থাকা ডিটেনশন সেন্টারের (আটক কেন্দ্র) বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে আরাকান আর্মি আরও জানিয়েছে, এই বিমান হামলায় তাদের নিজস্ব বেশ কয়েকজন সদস্যও হতাহত হয়ে থাকতে পারেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি।

অবশ্য বিমান হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের এই তথ্য স্বাধীন কোনো সূত্রে যাচাই করা সম্ভব হয়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিয়ানমারের জান্তা সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। ওপারে চলমান এই ভয়াবহ সংঘাতের কারণে আরাকানের বেসামরিক নাগরিকেরা আবারও চরম সংকটে পড়েছেন এবং অনেকেই প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে সীমান্ত অভিমুখে আসার চেষ্টা করতে পারেন বলে স্থানীয় সূত্রগুলো ধারণা করছে।