পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি সেনা জোনের নেতৃত্বে পরিচালিত একটি সুনির্দিষ্ট ও সফল বিশেষ অভিযানে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের এর প্রধান পোস্ট পরিচালক ও শীর্ষ সন্ত্রাসী ঝিমিত চাকমা (৪০)-কে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ চাঁদাবাজির সরঞ্জাম এবং সাংগঠনিক নথিপত্রসহ হাতেনাতে আটক করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি-এর নেতৃত্বে দুটি আভিযানিক দল গুইমারা উপজেলার পাইনংপাড়া এলাকায় এই কাউন্টার-টেররিজম অপারেশন শুরু করে এবং কয়েক ঘণ্টাব্যাপী অভিযান শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে উক্ত সন্ত্রাসীকে তার আস্তানা থেকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ঝিমিত চাকমার দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইউপিডিএফ-এর চাঁদাবাজি ও সাংগঠনিক নেটওয়ার্কের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিল।
অভিযান চলাকালে তার আস্তানা থেকে ২টি পুরাতন লোকাল পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি খালি কার্টুজ, ৪২টি মাসিক চাঁদা আদায়ের বই, ১৪৫টি চাঁদা আদায়ের রশিদ, ১ হাজারটি আয়-ব্যয়ের হিসাব বিবরণীর ছক বই, ৭০টি বিভিন্ন ধরনের সাংগঠনিক বই, চিঠিপত্র এবং পার্টি সদস্যদের করণীয় নির্দেশনা সংবলিত ৩টি গোপন নথি উদ্ধার করা হয়।
এছাড়া, আস্তানাটি বিপুল পরিমাণ লজিস্টিক সামগ্রী জব্দ করা হয়েছে। সেনাবাহিনী সূত্র নিশ্চিত করেছে যে, অভিযান সমাপ্তির পর আটককৃত ঝিমিত চাকমাকে উদ্ধারকৃত সকল আলামতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

